গণসংহতির সচিবালয় ঘেরাও কর্মসূচি পণ্ড, আহত ৪

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:২১ পিএম

পুলিশি হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার, চা শ্রমিকদের দাবি মেনে নেওয়া, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে গণসংহতি আন্দোলনের সচিবালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রেস ক্লাব থেকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশে গণসংহতির মিছিলটি জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে দলটির চার কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, গণসংহতির সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুয়েল হোসেন, আরমানুল হক ও সৌরভ।

এরপর তারা জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।

সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমানে মাথাপিছু আয় কত, তা চা শ্রমিকেরা অংক করে বুঝিয়ে দিচ্ছেন। ন্যায্য মজুরির দাবিতে তারা অনেক দিন ধরে আন্দোলন করে আসছে। অথচ সরকার তাদের দাবির ব্যাপারে উদাসীন। তারা তো রাষ্ট্র দখল করতে আসেনি। তাহলে তাদের এই ন্যায্য দাবি কেন মানা হচ্ছে না? দিন দিন চা পাতার দাম বাড়ছে। চায়ের রপ্তানিও বেড়েছে। তাহলে শ্রমিকদের বেতন বাড়ে না কেন?

তিনি বলেন, প্রবাসী, গার্মেন্টস শ্রমিকরা ডলার আনে বিদেশ থেকে। আর লুটপাটের দল সেই ডলার বিদেশে নিজের অ্যাকাউন্টে ভর্তি করে। ফ্যাসিবাদী সরকারের লুটতরাজদের কারণে আজ দেশের এই পরিস্থিতি।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সাকি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার কথা বলে নির্দিষ্ট শ্রেণির কাছে ভালো সাজতে চাইছেন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদের রাজাকার ও পাকিস্তানি ট্যাগ লাগিয়ে হেনস্তা করছেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের দীপক রায়, বাচ্চু ভূঁইয়া, মাসুদ রানা, মনির উদ্দিন, জুলকার নাইন বাবু প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত