বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান লোকমান

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১:৫৪ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পিআরএল ভোগরত সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আগামী ৪ সেপ্টেম্বর থেকে অথবা যোগদানের তারিখ থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

বরিশালের গৌরনদী উপজেলায় ১৯৬৩ সালে জন্ম নেওয়া লোকমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডিরেক্টর, ঢাকা সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের ২৪ অক্টোবর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন তিনি। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত