পুরনো তেল নতুন দামে বিক্রি

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:০৬ এএম

ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কমছে না। নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে সয়াবিন তেলের প্রতি লিটার বোতলের দাম দাঁড়াল ১৯২ টাকায়। তবে এই সুযোগে কিছু ব্যবসায়ী আগে কম দামে কেনা তেল নতুন দামে বিক্রি করতে শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন বিক্রেতাকে আগের কেনা ১৮৫ টাকার এক লিটারের বোতলে ৫ টাকা বাড়িয়ে ১৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। আবার কোনো কোনো দোকানে তেল না পেয়ে ক্রেতাদের খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। 

এ নিয়ে ভোক্তা ও দোকানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষুব্ধ ক্রেতাদের ভাষ্য, ছোট থেকে বড় ব্যবসায়ীরা যে যেভাবে পারছে, তাদের জিম্মি করে লুটে নিচ্ছে। দেশে এখন ব্যবসার নামে বৈধ ডাকাতি হচ্ছে।

গতকাল সরেজমিনে সেগুনবাগিচা, শান্তিনগর ও কারওয়ান বাজারের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, কিছু কিছু দোকানে পুরনো দামের ১৮৫ টাকা বোতলের এক লিটার তেলে নতুন করে ৫ টাকা বাড়িয়ে ১৯০ টাকা, দুই লিটারের বোতলে ১০ টাকা বাড়িয়ে ৩৮৫-৩৯০ টাকা ও খোলা সয়াবিন তেলের কেজি ১৯০ টাকা করে বিক্রি করছেন দোকানিরা।     

কারওয়ান বাজারে আসা রাজিয়া বেগম নামের এক ক্রেতা দেশ রূপান্তরকে তার বাজারের ব্যাগ দেখিয়ে বলেন, ‘বাজারে ১ হাজার টাকা নিয়ে এসেছি। এর মধ্যে এই আধা কেজি তেল, ৩ কেজি চাল ও সামান্য কিছু সদাই কিনতেই ৫০০ টাকা শেষ। আরও কিছু সদাই নেওয়া দরকার ছিল। মনে হচ্ছে বাকি ৫০০ টাকায় আর হবে না সেসব কেনা। এভাবে আর চলা যাচ্ছে না।’

খুচরা বাজারের ব্যবসায়ীরা বলছেন, তেলের নতুন দাম নির্ধারণ হবে জেনে কোম্পানির ডিলাররা তিন দিন ধরে বাজারে তেল সরবরাহ অনেক কমিয়ে দিয়েছে। ফলে গতকাল মঙ্গলবার প্রায় অনেক দোকানে তেলের সংকট দেখা দেয়। 

সেগুনবাগিচার তেল বিক্রেতা দেলোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘চাহিদা অনুযায়ী কয়েক দিন তেল পাচ্ছি না। কোম্পানির লোকদের কাছে তেল চাইলে তারা বলেন, বাজারে সংকট। এখন যেহেতু ১ লিটারে ৭ টাকা বেড়েছে, আগামী কালকের মধ্যেই দোকানের সামনে কোম্পানির লোকেরা তেল নিয়ে হাজির হবে, এতে কোনো সন্দেহ নেই।’

কারওয়ান বাজারে কয়েকজন দোকানিকে সবজি হাট এলাকায় বসেই তেল বিক্রি করতে দেখা যায়। তাদের পুরনো দামে কেনা তেল নতুন দামে বিক্রি করতে দেখা গেছে।  

এ বিষয়ে জসীম নামের এক বিক্রেতার কাছে থাকা তেলের বোতলে আগের দাম লেখা থাকলেও কেন নতুন দামে তেল বিক্রি করছেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি দোকান রেখে অন্যত্র সটকে পড়েন। তার দোকানে থাকা সহকারীও কোনো কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত তেলে ৭ টাকা বাড়ানো হয়েছে। এতে করে নতুন দামে এক লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হবে ১৯২ টাকা, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৪৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বেড়ে ১৬৬ থেকে হবে ১৭৫ টাকা। তবে ১ লিটার খোলা পাম তেলের দাম ধরা হয়েছে ১৪৫ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত