রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান শেষে বিকেলে কক্সবাজার শহরে যান। সেখানে আজ শরণার্থীবিষয়ক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রোহিঙ্গা সংকট পরিস্থিতি সরেজমিন দেখতে গত সোমবার চার দিনের সফরে ঢাকায় এসেছেন নোয়েলিন হেজার।গতকাল উখিয়া পৌঁছে হেজার প্রথমে আশ্রয় ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সঙ্গে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা নয়নসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শামসুদ্দোজা নয়ন সাংবাদিকদের জানান, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত এরপর ই-ভাউচার সেন্টার, উইমেন মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি পৃথকভাবে রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেন।
বিশেষ দূতের সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনএইচসিআরের মুখপাত্র পোর্টিলা রেজিনা। তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ।
পরিদর্শন শেষে বিকেল ৪টার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন নোয়েলিন হেজার। আজ বুধবার সকালে কক্সবাজার শহরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
