সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে গাজীপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। একই সঙ্গে শ্রমিক মজুরি কোডে নিয়োজিত ওই গাড়িচালক মো. খোকন আহমেদকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গাজীপুরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর নামে রেজিস্ট্রেশনকৃত গাড়িতে ১৩১ বোতল ফেনসিডিল বহন করা হচ্ছিল। গাড়িটি উপবিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগম সরকারি বাহন হিসেবে ব্যবহার করেন। গত ১৯ আগস্ট কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও চালককে আটক করে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহমুদ মুরাদ স্বাক্ষরিত অন্য একটি পত্রে বলা হয়েছে, গাড়িতে ১৩১ বোতল ফেনসিডিল ছিল। সরকারি গাড়িটিতে মাদক বহনকালে চালক মো. খোকন আহমেদ কুমিল্লায় আটক হন।
এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম কোনো মন্তব্য করেননি।
