সাবেক অতিরিক্ত আইজিপির বাসায় সোনা ও ডলার লুট

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:৪৯ এএম

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার মোজাম্মেল আহমেদের বাসার জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় আলমারির তালা ভেঙে ৪৫ ভরি স্বর্ণালংকার, ৪০০ সিঙ্গাপুরি ডলার ও ১৫০ রিংগিতও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনা জানাজানির পর সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ডিএমপি রমনা জোনের সহকারী কমিশনার (এসি) বায়েজিদুর রহমান জানান, সোমবার গভীর রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ষষ্ঠতলার ডুপ্লেক্স বাসার জানালার গ্রিল কেটে একদল চোর ভেতরে প্রবেশ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রমনা থানায় দুটি মামলা করেছেন। এ ঘটনায় থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ, সিআইডিসহ পুলিশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন বলেন, রাতে আমি ও আমার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমাচ্ছিলাম। দুজন গৃহপরিচারিকাও ছিলেন। বাসার ওপরে কেউ ছিলেন না। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য গৃহপরিচারিকা ওপরে যান। সেখানে গিয়ে দেখতে পান, ওপরের একটি কক্ষ ভেতর থেকে লক করা। চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখা যায় জানালার গ্রিল কাটা।

তিনি জানান, আলমারি ভাঙা ছিল। লকারে থাকা গহনার বক্সও নেই। বক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল, যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া আলমারিতে রাখা ৪০০ সিঙ্গাপুরি ডলার ও ১৫০ রিংগিত ছিল। পরে তারা বুঝতে পারেন, দুর্বৃত্তরা বাসায় ঢুকে সব লুট করে নিয়ে গেছে। বাসাটিতে ৩২ বছর ধরে বসবাস করছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত