বৃহস্পতিবারের হরতাল পালনের আহ্বান বাম জোটের

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০২:৩৪ পিএম

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ও বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আগামীকাল বৃহস্পতিবারের অর্ধদিবস (৬টা-১২টা) হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ বুধবার (২৪ আগস্ট) সকালে পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)  সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)'র বিধান দাশ, বাসদের রাজেকুজ্জামান রতন, সিপিবি’র মিহির ঘোষ, সিপিবি’র শামছুজ্জামান সেলিম, ডা. ফজলুর রহমান, আনোয়ার হোসেন রেজা, রাগীব আহসান মুন্না, লুনা নূর, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী প্রমুখ।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্যে আছি, হরতাল আহ্বান করেছি। সারাদেশের মানুষ আমাদের কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছে। তিনি দেশবাসীর প্রতি আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত রাজপথে থেকে হরতাল সফল করার আহ্বান জানান।

তিনি বলেন, সারাদেশে বিভিন্ন জায়গায় আমাদের প্রচার কাজে হামলা, বাধা প্রদান করা হয়েছে। এসব উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। 

সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, সরকার বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। এরপর এই মূল্যবৃদ্ধি মানুষ কোনোভাবেই সহ্য করতে পারছে না। 
এর মধ্যে পানির দাম সেপ্টেম্বর থেকে আবারও বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোরও পাঁয়তারা চলছে। মূল্যবৃদ্ধির যাতাকলে সারাদেশে শ্রমজীবী মানুষই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই সংকটকালে দেশের লাখ লাখ চা শ্রমিক মজুরি বৃদ্ধির জন্য দু’সপ্তাহ ধরে আন্দোলন করলেও মালিক-সরকার সময়ক্ষেপণ করে দাবি অগ্রাহ্য করে চলছে। আমরা সংবাদ সম্মেলন থেকে চা-শ্রমিকদের ৩০০ টাকা মজুরিসহ ৭দফা দাবি মেনে নেয়ার জন্য সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমরা মনে করি সরকারের এসব গণবিরোধী সিদ্ধান্ত এখনই রুখে না দাঁড়ালে মানুষের পকেট কাটার এই উৎসব চলতে থাকবে। মানুষ নিষ্পেষিত হতে থাকবে।

আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আগামীকাল বৃহস্পতিবার, সকাল ৬টা থেকে রাজপথে নেমে ১২টা পর্যন্ত রাজপথে থেকে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি। এরপরও সরকার দাম কমানোর পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

হরতাল চলাকালীন সময়ে হাসপাতাল, জরুরি সেবাদানকারী যানবাহন যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবার হোটেল হরতাল কর্মসূচির আওতার বাইরে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত