এখনই ভারতকে বাদ দিচ্ছে না সাফ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৪:৩৩ পিএম

ভারতের ফুটবল আটকে আছে ফিফার নিষেধাজ্ঞায়। নেপালে অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপে তাদের থাকা নিয়ে আছে শঙ্কা। মঙ্গলবার পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। এসময়ে ভারত নিষেধাজ্ঞামুক্ত না হলে তাদের বাদ দিয়েই ২৪ আগস্ট বুধবার টুর্নামেন্টের সূচি পুননির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছিল সাফের। তবে এখনই ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্টের ফিকশ্চার পরিবর্তন করছে না সাফ।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বুধবার বলেছেন, ‘২৩ আগস্ট পর্যন্ত অপেক্ষা করে ২৪ আগস্ট নতুন সূচি তৈরির যে সিদ্ধান্ত ছিল আমাদের, সেটা স্থগিত রাখা হয়েছে। কারণ, ভারত এরই মধ্যে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফায় আবেদন করেছে। তারা ফিফার সব শর্ত মেনে নির্বাচনের দিকে হাঁটছে। একটা ইতিবাচক কিছু দ্রুতই হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া টুর্নামেন্টের এখনও বাকি ১৩ দিন। তাই আমরা ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা এখনই নিচ্ছি না। দেখি আরো কয়েকদিন।’

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত আছে বাংলাদেশের সঙ্গে ‘এ’গ্রুপে। অন্য দুই দেশ-পাকিস্তান ও মালদ্বীপ। ভারত যদি শেষ পর্যন্ত খেলতে নাই পারে, তখন টুর্নামেন্টের সময়কাল কমবে কিনা? এমন এক প্রশ্নের জবাবে আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘না, টুর্নামেন্টের সময়কাল আগের মতোই থাকবে। ভারত যদি না খেলতে পারে, তাহলে যেদিন দুটি ম্যাচ ছিল সেদিন একটি হবে।’

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তাদেরকে নিষেধাজ্ঞামুক্ত করতে সব ধরনের চেষ্টা করছে। দেশটির আদালতের তৈরি করা কমিটি বাতিল হয়ে গেছে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর। নিষেধাজ্ঞার সঙ্গে যেসব শর্ত দিয়েছিল ফিফা, তার সবগুলো মেনে নিয়েই ভারতীয় ফুটবল ফেডারেশন নতুন নির্বাচনের পথে এগোচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত