'আমি ক্ষমা চাইছি!' ঘরভর্তি সাংবাদিকের সামনে ক্ষমা চাইলেন রণবীর কাপুর। শেষ কয়েক দিন যাবৎ আলিয়া ভাটের অন্তঃসত্ত্বাকালীন অবস্থাকে কেন্দ্র করে বেফাঁস মন্তব্যের জেরে আলোচনায় রণবীর। আলিয়া আর রণবীরের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'। যার প্রচারে কোথাও না-কোথাও যেতে হচ্ছে তাদের। ছবির প্রচার চলাকালীন আলিয়ার বেবি বাম্পের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেন নায়ক। তিনি বলেন, 'আলিয়া যা করে বসেছে!'
আর তা শুনেই খেপেছেন অনুরাগীরা। একাংশের বক্তব্য, সকলের সামনে নিজের স্ত্রীকে এভাবে কী করে কেউ বলতে পারেন! তবে এত বিতর্কের মাঝেও চুপ ছিলেন নায়ক। অবশেষে মুখ খুললেন।
সংবাদ সম্মলেনে এসে অভিনেতা বলেন, 'আমি দুঃখিত, ক্ষমা চাইছি। আমার মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি সত্যিই লজ্জিত। আমার স্ত্রী, পরিবারকে আমি খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। এ বিষয়ে আলিয়ার সঙ্গে আমার কথাও হয়েছে। ও কিছু মনেই করেনি। কিন্তু তা-ও আমি সকলের কাছে ক্ষমা চাইছি। কাউকে আঘাত করার জন্য এমনটা বলিনি।'
রণবীর জানান, তার হাস্যরস অনেক সময় তারই ক্ষতি করে দেয়। কিন্তু আলিয়াকে সঙ্গে তিনি নিছকই রসিকতা করছিলেন। ওই একই সংবাদ সম্মেলনে রণবীরের সঙ্গে উপস্থিত ছিলেন এস এস রাজামৌলি এবং অভিনেতা নাগার্জুনও। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
