সয়ম্বরে সুন্দর মিকা, আকাঙ্ক্ষা লিভ ইনে

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৮:৫৭ পিএম

জীবনসঙ্গী খুঁজতে গত জুনে স্বয়ম্বরের (নিমন্ত্রিত বিবাহার্থীদের সভায় স্বয়ং কন্যা কর্তৃক নিজের স্বামী মনোনীত করার উৎসব) আয়োজন করেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিং। শোয়ের নাম ছিল 'স্বয়ম্বর : মিকা দি ভোটি'। গত ২৪ জুন এই শো জিতে নিয়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী। এই শোয়ের নিয়ম অনুযায়ী আকাঙ্ক্ষা পুরীই হলেন পাঞ্জাবি গায়ক মিকা সিং-এর হবু স্ত্রী।

অথচ স্বয়ম্বরে শেষ হওয়ার দু'মাস পার হলেও আকাঙ্ক্ষার সঙ্গে মিকার এখনও কোনো বিয়ের খবরই মেলেনি। কিন্তু স্বয়ম্বরের পরও কেন বিয়ে করছেন না তারা? সম্প্রতি তা নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী।

সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে আকাঙ্ক্ষা পুরীকে মিকার সঙ্গে তার বিয়ের পরিকল্পনার কথা জিজ্ঞাসা করা হয়। আর তাতেই ভীষণ বিরক্ত হন অভিনেত্রী। আকাঙ্ক্ষা বলেন, 'আমি বুঝতে পারছি না মানুষ কেন আমাদের ডেটিং উপভোগ করছে না। সকলে শুধু আমাদের বিয়ের পেছনে পড়ে আছে। আমাদের ডেট করতে দিন, রোমান্স করতে দিন, বিষয়টা ভালোভাবে উপভোগ করতে দিন। আমি মিকাজির সঙ্গে এই পূর্বরাগে মুহূর্তটা উপভোগ করতে চাই। কারণ, বহুদিন আমি সিঙ্গল ছিলাম। জীবনে রোমান্স থাকলে কার না ভালো লাগে।'

মিকার সঙ্গে তিনি ভীষণই খুশি এবং স্বচ্ছন্দ্য বলে জানান আকাঙ্ক্ষা পুরী। তার কথায়, 'গত ১৩ বছর ধরে যার সঙ্গে আপনার বন্ধুত্ব রয়েছে, সেটাকে যখন আপনি ডেটিংয়ের পর্যায়ে নিয়ে যান, তখন সময় লাগে বৈকি। আমরা এখন জীবনের একটা পরিণত জায়গায় রয়েছি। এটা কোনো কিন্ডারগার্ডেনের গল্প নয় যে আমরা কফি শপে গিয়ে ডেট করব, বা টেডি উপহার দেব। আমি এবং মিকাজি একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ্য।'

বিগ বস ১৬-তে মিকা সিংয়ের সঙ্গে তার যোগ দেওয়ার যে খবর শোনা যাচ্ছে, সে বিষয়েও প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। তিনি জানান, 'সবেমাত্র একটা রিয়ালিটি শো জিতেছি, এটা উপভোগ করতে দিন। আর তা ছাড়া মিকাজির কাছে বিগ বসে যোগ দেওয়ার কোনো প্রস্তাব এসেছে কি-না তা আমার জানা নেই।'

১২ জন পাত্রীকে নিয়ে শুরু হয়েছিল 'স্বয়ম্বর : মিকা দি ভোটি'। এই রিয়ালিটি শো জনপ্রিয়তা পায়। শেষ তিনে মিকার পছন্দের তালিকায় ছিলেন বাঙালি কন্যা প্রান্তিকা দাসও। তবে শেষমেষ মিকার মনে জায়গা করে নেন অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী। তিনিই এই শোয়ের খেতাব জিতে নেন। সূত্র : জিনিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত