১৮ বছরের পেশাদার ক্যারিয়ারে প্রথমবার বর্ষসেরা ফুটবলার হওয়ার সম্ভাবনা করিম বেনজেমার। ২০২১-২২ মৌসুমে চোখ ধাঁধানো পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি পেতে পারেন এই ফরাসি আজ উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতে। রাতে তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ মৌসুমের গ্রুপ ড্র অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।
তবে বেনজেমা ছাড়াও বেনজেমার রিয়াল সতীর্থ বেলজিয়ান গোলরক্ষ থিবো কোর্তোয়া ও ম্যানসিটির আরেক বেলজিয়ান কেভিন ডি ব্রুইনা বর্ষসেরা শীর্ষ তিনে। শীর্ষ ১৫-এর মধ্য থেকে ২০১৯-২০-এর পুরস্কার বিজয়ী রবার্ট লেভানডফস্কি, লুকা মদ্রিচ, সাদিও মানে, মোহামেদ সালাহ, কিলিয়ান এমবাপেরা ছিটকে গেছেন। তিনবারের পুরস্কার জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো, দুবারের বর্ষসেরা লিওনেল মেসিরা শীর্ষ ১৫-তেও জায়গা পাননি এবার।
৩২টি দলকে নিয়ে হবে আজকের চ্যাম্পিয়নস লিগ ড্র। এর মধ্যে ২৬ দল আগেই ঠিক হয়ে গেছে গত মৌসুমের ফলাফলের ভিত্তিতে। বাকি ৬ দল এসেছে বাছাইপর্ব থেকে। এক নম্বর পাত্রে রাখা হয়েছে গতবারের বিজয়ী রিয়াল মাদ্রিদ, ইউরোপা লিগ জয়ী আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, বায়ান মিউনিখ, পিএসজি, পোর্তো ও আয়াক্স। লিভারপুল, চেলসি, বার্সেলোনা, জুভেন্তাস, আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া, আরবি লাইপজিগ ও টটেনহাম হটস্পার থাকছে দুনম্বর পাত্রে।
৩২ দলকে ৮ গ্রুপে ভাগ করা হবে। এক গ্রুপে গ্রুপে একই দেশের একাধিক ক্লাব থাকবে না। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে শেষ ষোলোতে। তৃতীয় স্থানে থাকা দল নেমে যাবে ইউরোপা লিগে। তারা ইউরোপাতে শীর্ষ ষোলোতে জায়গা করে নিয়ে খেলবে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপের ম্যাচ। ৬ রাউন্ডের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২ নভেম্বর, বিশ্বকাপ শুরুর ১৮ দিন আগে।
