২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশ থেকে পাচার করা অর্থ বা কালোটাকা বিনা প্রশ্নে ফেরত আনার সুযোগ রাখা হয়েছে। তবে সে টাকা কীভাবে দেশে আনা হবে তা নিয়ে প্রশ্ন ছিল নানা মহলে। সে বিষয়টি আরও পরিষ্কার করল বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক ‘পাচার’ ব্যবহার না করে সেটিকে ‘বিদেশে গচ্ছিত’ কালোটাকা হিসেবে উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে।
এখন থেকে বিদেশে যেকোনোভাবে আয় করা গচ্ছিত অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে আনা যাবে। মাত্র ৭ শতাংশ কর দিলে ওই অর্থ বৈধ হবে এবং ‘বিনাপ্রশ্নে’ আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রশাসন ও কল্যাণ শাখার চলতি বছরের ৩১ জুলাই নির্দেশনার আলোকে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা-১৯এফ অনুসারে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমার মধ্যে ৭ শতাংশ কর প্রদান করে বাংলাদেশের বাইরে যেকোনোরূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।
