মোবাইল ব্যাংকিং বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয়ে নম্বর আপডেটের কথা বলে তথ্য নিয়ে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এমন একটি চক্র তিন মাসে এজেন্ট ও গ্রাহকদের ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলো চক্রের হোতা মাহবুব কাজী (২১), তার তিন সহযোগী বিকাশ থেকে চাকরিচ্যুত সাবেক ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) শাহরিয়ার নাফিজ ওরফে মিল্টন (২৫), রিপন মিয়া (২৪) ও ইউছুফ মিয়া (১৮)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ এসব তথ্য জানান।
