জমল না 'লাইগার', বিজয়-অনন্যা ম্যাজিকে কাজ হলো না

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৪:২৭ পিএম

গতকাল ২৫ আগস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে দক্ষিণী হিরো বিজয় দেবেরাকোণ্ডার প্রথম বলিউড মুভি 'লাইগার'। প্রথম দিন বক্স অফিসে গ্র্যান্ড ওপেনিং হলেও দুপুর গড়াতেই ব্যবসার বেগ কমতে শুরু করে। ছবিকে ঘিরে নেগেটিভ রিভিউয়ের জন্যই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

মুক্তির আগে লাইগারের প্রচারের চাকচিক্য ছিল চোখে পরার মতো। ১৯৯ টাকার হাওয়াই চপ্পল পরে বিজয়ের স্টেজে ওঠা থেকে স্নাতক চা-ওয়ালির দোকানে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক...সবকিছুতেই ছিল অভিনত্বের ছোঁয়া। ২০২২ সাল বলিউডের অভিষেক নায়ক হওয়ার সুযোগ দিয়েছে বিজয় দেবেরাকোণ্ডাকে। কিন্তু, ২০১৬-এ এই মুম্বাই শহরই মুখ ফিরিয়ে নিয়েছিল বিজয়ের থেকে। 

'লাইগার'-এর প্রচারের মাঝে এ কথা নিজেই সংবাদমাধ্যমের সামনে বলেন বিজয় দেবেরাকোণ্ডা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় বলেন, 'আজ থেকে ছয় বছর আগে আমি প্রথম মুম্বাইতে আসি। আমার ভিসার কাজে এসেছিলাম। কিন্তু, তখন এই শহর আমাকে রিজেক্ট করেছিল। মুম্বাইয়ের প্রতি আমার বিতৃষ্ণা জন্মেছিল। আমার এক বন্ধুর অ্যাপার্টমেন্টে কয়েকদিন ছিলাম। কিন্তু, মুম্বাইয়ের গরমে আমি নাজেহাল হয়ে গিয়েছিলাম। আমি সব সময়ই নিজেকে একজন অভিনেতা হিসাবে দেখতে চেয়েছিলাম। সেই সময় পার্শ্ব চরিত্রে কাজ করছিলাম। তবে কোনোদিন ভাবিনি ছয় বছর পর আবার আমি এই মুম্বাই শহরেই ফিরব। বলিউডের ছবিতে কাজ করব। তবে মুম্বাই আমাকে রিজেক্ট করলেও গুজরাট, বিহার ও অন্যান্য শহরে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি।'

ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন গ্ল্যাম ডিভা অনন্যা পাণ্ডে। দক্ষিণী সুপারস্টার বিজয় আর বলি ডিভা অনন্যা পাণ্ডে জুটির 'লাইগার' নিয়ে দর্শকের মধ্যে প্রত্যাশা ছিল একেবারে তুঙ্গে। কিন্তু, দর্শকের সেই আশা মোটেই পূরণ করতে পারলেন না বিজয় আর অনন্যা। এই ছবিকে ঘিরে নেগেটিভ কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। তারই প্রভাব পড়েছে বক্স অফিসে।

ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন লাইগারের হিন্দি ভার্সন ২০ থেকে ২৫ কোটি টাকার ব্যবসা করবে। কিন্তু, পরিচালক পুরী জগন্নাথের লাইগারের ঝুলিতে প্রথম দিন এলো মাত্র ১৮.৫ কোটি টাকা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত