দুই বেনের সেঞ্চুরিতে ইংলিশদের বড় লিড

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:৩১ পিএম

পরাজয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। তখন বাজবল নিয়ে উঠেছিল নানা সমালোচনা। এই কৌশল বাতিলের গুঞ্জনও উঠেছিল। তবে আত্মবিশ্বাসী অধিনায়ক তা উড়িয়ে দেন। মাঠেও তা ঠিকরে পড়লো। ম্যানচেস্টার টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। বেন স্টোকস ও বেন ফোকসের সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকাকে মাথায় চড়ে বসতে দেয়নি ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিয়ে বড় লিড নিয়েছে স্বাগতিক দল। বলা যায়, চড়ে বসেছে চালকের আসনে।

ইংল্যান্ড অবশ্য জবাব দিতে নেমে একটা সময় মোটামুটি অস্বস্তিতে পড়ে গিয়েছিল। ৩ উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা ১৪৭ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট।

সেখান থেকে অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকসের জুটি। নামের সঙ্গে ছন্দ মিলিয়েই যেন বড় এক জুটি গড়েন এই দুজন। ৩২৪ বলে তারা যোগ করেন ১৭৩ রান।

স্টোকস ১৬৩ বলে ৬ চার আর ৩ ছক্কায় ১০৩ রান করে রাবাদার শিকার হলে ভাঙে এই জুটি। তবে অপরাজিত থেকে যান ফোকস। এর আগে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ২১৩ বলে ১০৮ রানে ক্রিজে আছেন তিনি। এছাড়া জ্যাক লিচ ১৭ বলে ১১ রানে কেশব মহারাজার বলে আউট হলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

১০৬.৪ ওভারে ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ৯ উইকেটে ৪১৫ রান। লিড নিয়েছে ২৬৪ রানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত