মুক্তি পেতে যাচ্ছে মেধাবী নির্মাতা মাহমুদ দিদারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। তবে নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবিটি কবে মুক্তি পাচ্ছে এর উত্তর জানা নেই কারও। মুখ খুলছেন না নির্মাতা মাহমুদ দিদার কিংবা সহ-প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। উল্টো ‘বিউটি সার্কাস কবে?’ এমন প্রশ্ন সংবলিত একটি প্রমোশনাল ভিডিও উন্মুক্ত হয়েছে চ্যানেল আই, বিউটি সার্কাস ও চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জয়া আহসানের ফেইসবুক পেইজে। এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘এটি একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নানা চড়াই-উতরাই পেরিয়ে মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে। খুব শিগগিরই মিলছে এর মুক্তির দিনক্ষণ ঘোষণা।’ ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাস ছবির শ্যুটিং। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন। বিউটি সার্কাস সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলেও অর্থ সংকটের কারণে ছবির কাজ শুরু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে নির্মাতা মাহমুদ দিদারকে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত প্রমুখ।
×
