আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিদেশিদের কাছে এখন বিএনপি নালিশ করছে, বিদেশিরা সমস্যা নিরসনে সহযোগিতা করতে পারে, কোনো হস্তক্ষেপ করতে পারে না, আমাদের সমস্যা আমাদের নিরসন করতে হবে।
গতকাল শুক্রবার সকালে মাদারীপুুর সদর উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আইজিএ সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার উদ্বোধন শেষে বিএনপি মহাসচিবের কথার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বিএনপির কোনো আন্দোলনে কোনো সন্ত্রাসী কর্মকা- না করলে তাদের কাউকে গ্রেপ্তার করা হবে না। তারা এখন আন্দোলন করছে। আমরাও আমাদের মতো কাজ করছি। আমি বিশ্বাস করি, শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করছে তাদের আগামীতেও জনগণ শেখ হাসিনা ও তার দলকে নৌকা মার্কায় ভোট দেবে এবং আবারও সরকার গঠন করবে।’
আইজিএ সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কণা প্রমুখ।
