অতীত ভুলে ভবিষ্যতে ভালো করার প্রত্যয় শ্রীরামের কণ্ঠে

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০১:৪৯ পিএম

টি-টোয়েন্টিতে টাইগাররা ভালো করে কালেভদ্রে। বলার মতো তেমন কোনো সাফল্য নেই। এই সংস্করণের বিশ্বকাপে সুপার রাউন্ডে জয় নেই একবারও। বড় জয় বলতে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। সাম্প্রতিক পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ। তবে টাইগারদের নতুন টি-টোয়েন্টি টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম অবশ্য অতীত নিয়ে পরে থাকতে চান না। সেসব ভুলে ভবিষ্যতে ভালো করার প্রত্যয় শুনা গেছে তার কণ্ঠে।

এশিয়া কাপ খেলতে আমিরাত গিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন শ্রীরাম। তার ভাষ্য, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার পিছুটান নেই। যেটি (টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না) বলছেন, সেটি আসলে আমার কাছে অজানাই বলতে পারেন। আমি ওভাবে দেখছি না। খোলা চোখে দেখছি, আমার পরিকল্পনা নতুন জীবনীশক্তি আনতে চাই। দলকে একত্র করতে চাই, নতুন শুরু করতে চাই।’

আসন্ন বিশ্বকাপ পর্যন্ত নিয়মিত হেড রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাগজে-কলমে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আনা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে। তবে বাস্তবতা হলো ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে মিলে শ্রীরামই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে এগিয়ে নেবেন।

অতীতে বাংলাদেশ দল কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে, ভুলগুলো কী কী করেছে সেগুলো বড় করে দেখতে নারাজ শ্রীরাম। এর চেয়ে টাইগাররা যেসব কাজ ভালোভাবে করেছে সেগুলো আরও ভালো করার তাগিদ দিলেন ভারতের এ সাবেক অলরাউন্ডার। তাতেই ফল আসবে বলে বিশ্বাস তার।

শ্রীরাম বলেছেন, ‘তারা কোন বিষয় ভালো করতে পারেনি, সেটি দেখার বিষয় নয়। কী করতে পেরেছে- সেটি দেখার বিষয়। এর মাধ্যমে সেরাটা বের করে আনা। আমার নজর থাকবে স্বল্প সময়ে তাদের ওইসব শক্তিমত্তার ওপর নির্ভর করা, সেগুলো বাড়ানো। যেগুলো ভালো করিনি, সে সব এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আমরা যা ভালো করছি, সেগুলো করতে থাকি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি পরিসংখ্যান দেখেছি। বোলিংয়ের কথা বললে উইকেট নেওয়ার ক্ষেত্রে- প্রথম ৩ উইকেট নেওয়ার গড়ের ক্ষেত্রে বিশ্বে আমরা অন্যতম সেরা, প্রথম ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রেও আমরা বিশ্বে অন্যতম সেরা। বাংলাদেশ অনেক কিছুই ঠিকঠাক করেছে এর আগে।’

এসময় বাংলাদেশ দলে নিজের ভূমিকা সম্পর্কে শ্রীরাম বলেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমার ভূমিকা হলো রিসোর্স একত্র করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা, এবং স্কিল কোচদের নিয়ে- তিনটি ভাগকে একত্রে আনা।’

আইপিএল ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করা এ কোচ আরও বলেন, ‘অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে পাওয়া টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা- যাতে রিসোর্স ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না যে আমি দলকে নেতৃত্ব দেব, আমি শুধু সহযোগিতা করছি।’

তিনি যোগ করেন,‘ভিন্ন সংস্কৃতির সঙ্গে কাজ করা- আইপিএলে ভারতীয় ছেলেদের সঙ্গে কাজ করা, অজি সেট আপে কাজ করা- পূর্ব-পশ্চিমের একটা ভালো মিশ্রণ আছে (আমার)। বাংলাদেশে এসে আমি আসলে এদের বেড়ে ওঠা, খেলার প্রতি দৃষ্টিভঙ্গি বুঝি। একই সঙ্গে পেশাদারত্ব, প্রত্যাশার ব্যাপারটিও নিয়ে আসতে পারি। আমি মুখিয়ে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত