পাকিস্তান দুর্গে ফের চোটের হানা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:৩৬ পিএম

চোটের কারণে এশিয়া কাপ থেকেই আগেই ছিটকে গেছেন শাহীন আফ্রিদী। তার অনুপস্থিতি পাকিস্তানকে ভাবিয়ে তুলেছে। সেই ভাবনার মাত্রা যেন আরও বাড়িয়ে দিয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপ খেলা হবে না তার। ওয়াসিমের চোটে অবশ্য কপাল খুলেছে হাসান আলির। তার বদলী হিসেবে ডাক পেয়েছেন এই পেসার।

বৃহস্পতিবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে দলীয় অনুশীলনে নেটে বোলিং করার সময় পিঠে ব্যথার কথা জানান ওয়াসিম। তখন তার এমআরআই করানো হয়। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপ খেলা হবে না ওয়াসিমের।

২১ বছর বয়সী এ ডানহাতি তরুণের জায়গায় ২৮ বছর বয়সী পরীক্ষিত পেসার হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান। চোটের তালিকায় শাহিন শাহ আফ্রিদির সঙ্গে যোগ দিলেন ওয়াসিম। শাহিনকে পরীক্ষা করা বিশেষজ্ঞ, পাকিস্তানের প্রধান ফিজিও থেরাপিস্ট ক্লিফ ডেকন ওয়াসিমকেও দেখেছেন।

সম্প্রতি বল হাতে বাজে সময়ের কারণে নেদারল্যান্ডস সফরের ওয়ানডে সিরিজ ও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন হাসান। প্রায় বছর খানেক ধরেই নির্বিষ বোলিং করছেন তিনি। গত আট টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার মাত্র ৮ উইকেট। তিন ওয়ানডেতে নিতে পেরেছেন মাত্র ২ উইকেট।

এছাড়া বছরের শুরুতে হওয়া পাকিস্তান সুপার লিগে খেলা নয় ম্যাচে মাত্র ৯ উইকেট শিকার করেছেন ৪০.৫৫ গড়ে। এজন্য ওভারপ্রতি খরচ করেছেন ১০.৮৪ রান। পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, টিম ম্যানেজম্যান্টের চাওয়াতেই এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত