'ব্ল্যাকে' বিক্রি হচ্ছে পরাণের টিকিট; 'ভুক্তভোগী' শরীফুল রাজ!

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৭:১২ পিএম

ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর একটি 'পরাণ'। এখনও প্রেক্ষাগৃহে 'পরাণ' দেখতে দর্শকের উপচে পড়া ভিড়। এক শো শেষ না হতেই আরেক শোর জন্য দর্শকের লম্বা লাইন লেগে থাকছে। অষ্টম সপ্তাহে এসেও পরাণের টিকিট 'ব্ল্যাকে' বিক্রি হচ্ছে।

এমনটাই জানালেন সিনেমাটির অভিনেতা শরীফুল রাজ। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা পরাণ-এর অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখতে হলো। সঙ্গে পরাণের পরিচালক রায়হান রাফি।'

তার শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মুখে মাস্ক থাকায় ব্ল্যাকার তাকে চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলের মধ্যে ঢুকে গেলেন তারা। তবে বিষয়টি মজার ছলে করেছেন বলেই পরবর্থীতে জানান তারা।

শরীফুল রাজ বলেন, 'প্রায় দুই মাস হলো ছবিটি মুক্তি পেয়েছে। এই হলে দ্বিতীয়বারের উঠেছে ছবিটি। বলতে পারেন, এটি পুরনো ছবি। তারপরও হাউসফুল। আমি অবাক হয়েছি। আমরা দর্শক সেজে হলে ঢুকি। ব্ল্যাকে টিকিট কেটে সিনেমাটি দেখি।'

গত ১০ জুলাই পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় 'পরাণ'। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্সসহ দেশের ৩৩টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সেলিম, নাসির উদ্দিন, সোহেল মণ্ডল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত