পাওয়ার প্লেতে শ্রীলংকার সংগ্রহ ৪১ রান

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৮:৪৭ পিএম

ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। তবে পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত খুব একটা হতাশও হতে হয়নি। এশিয়া কাপের আয়োজক দেশটি ৬ ওভারে সংগ্রহ করেছে ৪১ রান। আফগান পেসাররা আঁটোসাটো বোলিংয়ের সঙ্গে এ সময়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট।

উইকেটের শুরুটা আফগানরা করেছিল কুশল ম্যান্ডিসকে আউট করে। তাকে এলবিডব্লি-এর ফাঁদে ফেলে প্রথম সাফল্য এনে দেন ফজল হক ফারুকী।

প্রথম ওভারের পঞ্চম বলে পুল লেংথের বলটি সুইং করে লেগ স্টাম্পে। সেটা ফ্লিক করার চেষ্টা করেছিলেন মেন্ডিস। কিন্তু বল ব্যাটের সঙ্গে সংযোগ ঘটাতে পারেননি। এলবিডব্লিউয়ের আবেদন করেন ফারুকী। কিন্তু আম্পায়ার সায় না দিলে রিভিউ নেন। টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে ফিরে যেতে হয় মেন্ডিসকে।

একই পরের বলটি ছিল অফ স্টাম্পের বাইরের। কিন্তু সেটাও সুইং করে লেগ স্টাম্পে আঘাত করে। এবার আর আউটের সিদ্ধান্ত দিতে ভুল করেননি আম্পায়ার। রানের খাতা খোলার আগেই ফিরে যান চারিথ আসালাঙ্কা। দীর্ঘক্ষণ সতীর্থ ব্যাটারের সঙ্গে কথা বলে গেলেও নেননি রিভিউ। ফলে ফারুকীর সামনে হ্যাটট্রিকের সুযোগ আসে।

তবে পরের ওভারেই আফগানদের তৃতীয় সাফল্য এনে দেন নাভিনউল হক। ঐ ওভারের শেষ বলে পাথুম নিশানা উড়িয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু সেটা এজ হয়ে ধরা পড়ে উইকেট রক্ষকের হাতে।

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট নিতে পারলেই হ্যাটট্রিক করতে পারতেন ফারুকী। তবে গুনাথিলাকা আর ভুল করেননি। ডট বল খেলে ফারুকীকে হ্যাটট্রিক বঞ্চিত করেন।

দ্রুত তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলংকা প্রথম ২০ বলে কোনো বাউন্ডারি আদায় করতে পারেনি। চতুর্থ ওভারের তৃতীয় বলে নাভিন উল হকের বলে লং অন দিয়ে উড়িয়ে মারেন ভানুকা রাজাপাকশে। এই ছক্কা মেরেই ইনিংসের প্রথম বাউন্ডারি আসে শ্রীলংকার রানের খাতায়।

দানুশকা গুনাথিলাকাকে সঙ্গে রাজাপাকশে পাওয়ার প্লের ৬ ওভারে তুলেন ৪১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে শ্রীলংকা। ১৫ বল খেলে ৩ চারে ১৭ রানে অপরাজিত আছেন গুনাথিলাকা। অন্যপ্রান্তে রাজাপাকশে ২৪ রানে ক্রিজে আছেন। ১৪ বলে তার ইনিংসটি ৩ চার ও ১ ছক্কায় সাজান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত