সম্মেলন ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। দীর্ঘ ২৫ বছর পর সম্মেলন উপলক্ষে গত বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতি সভা হয়। নিজেদের মধ্যে বিভক্তি থাকলেও প্রস্তুতি সভায় সোনারগাঁ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সব নেতাকর্মীকে একসঙ্গে অংশ নিতে দেখা যায়।
বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে সোনারগাঁ আওয়ামী লীগ পরিচালিত হলেও সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৭ সালে। এবারের সম্মেলনে কে হচ্ছেন সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
আগামী ৩ সেপ্টেম্বর উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠেয় সম্মেলনে ১৩ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
১৯৯৭ সালের সম্মেলনে আবুল হাসনাতকে সভাপতি ও আবদুল হাই ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। ২০০৪ সালে আবুল হাসনাত এবং ২০১৪ সালে আবদুল হাই ভূঁইয়া মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাহফুজুর রহমান কালাম। পরে ওই কমিটির আরও ২০ জনের মৃত্যু হয়। পরে ভারপ্রাপ্তদের দিয়ে ১৭ বছর চলার পর ২০১৯ সালে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বাদ পড়েন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও আগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। পরে কায়সারপন্থীরা এ আহ্বয়াক কমিটিকে প্রত্যাখ্যান করলে ২০২১ সালে আব্দুল্লাহ আল কায়সারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে নতুন করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বর্তমানে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে নিয়েই ঘুরপাক খাচ্ছে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ ১৮ বছর যাবৎ সোনারগাঁ আওয়ামী লীগের নেতৃত্বে থাকা প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াই আবার সভাপতির দায়িত্ব পাচ্ছেন, নাকি তরুণ রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হচ্ছেন সভাপতি! এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কায়সার সমর্থকরা বলেন, এবার নেতৃত্বের পরিবর্তন হওয়া উচিত। তরুণ নেতা আব্দুল্লাহ আল কায়সারই সভাপতি হওয়ার যোগ্য।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটাই এগিয়ে আছেন কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সোনারগাঁ আওয়ামী লীগের প্রবীণ নেতারা বলেন, যোগ্য ও পরীক্ষিত নেতাদের কমিটিতে না রাখলে পরে দলকে চরম মূল্য দিতে হবে।
