শহীদের জুতাকাণ্ড ফাঁস করলেন কিয়ারা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:১০ এএম

২০১৯ সালে ‘কবির সিং’ মুক্তি পর ছবির নায়ক-নায়িকা দুজনের ক্যারিয়ারের গতিপথ বদলে যায়। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবিটি বক্স অফিসে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। এই ছবি দিয়েই নিজের ডুবতে বসা ক্যারিয়ারে নতুন দিশা পান শহীদ কাপুর। আর ক্যারিয়ারের শুরুর দিকে থাকা কিয়ারা আদভানি পায়ের নিচের মাটি শক্ত করেন। এই ছবির পর থেকেই হিন্দি সিনেমার প্রযোজক-পরিচালকদের অন্যতম পছন্দের পাত্রী হয়ে ওঠেন কিয়ারা। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করলেও ছবির নানা বিষয় নিয়ে সমালোচনায় মুখর ছিলেন সমালোচকেরা। তাদের অভিযোগ ছিল ছবিতে ইচ্ছে করেই নারী বিদ্বেষী মনোভাব উসকে দেওয়া হয়েছিল। ছবির চড়ের দৃশ্য নিয়েও নানা আলোচনা হয়েছে। ছবি মুক্তির তিন বছর পর ‘কবির সিং’-এর চড়ের দৃশ্য নিয়ে মজার একটি ঘটনা ফাঁস করলেন কিয়ারা। যে দৃশ্যে শহীদকে চড় মেরেছিলেন অভিনেত্রী। কিয়ারা জানান, বিশেষ একটি কারণে ওই দৃশ্যে অভিনয়ের জন্য আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাকে। ‘কবির সিং’ জুটি কিয়ারা ও শহীদকে একসঙ্গে দেখা যাবে ‘কফি উইথ করণ’-এর পরের পর্বে। সেই পর্বের টিজারেই ‘চড়কাণ্ড’ ফাঁস করেছেন কিয়ারা। জানান, পরের দৃশ্য শহীদ কোন জুতা পরবেন সেটা ভাবতে ভাবতেই সেদিন ঘণ্টার পর ঘণ্টা পার হয়। সেই ঘটনার বিস্তারিত জানিয়ে কিয়ারা বলেন, ‘সেটা ছিল আমার শ্যুটিংয়ের তৃতীয় বা চতুর্থ দিন। সেদিনই ঘটে ঘটনা। শ্যুটিংয়ে গিয়ে আট ঘণ্টা অপেক্ষা করতে হয়। কারণ, শহীদ কাপুর পরের দৃশ্যে কোন জুতা পরবেন, সেটা নিয়ে আলোচনা চলছিল।’ কিয়ারার কথা শুনে করণ বলেন, ‘ঠিক হয়েছে। আমাকে কেউ আট ঘণ্টা বসিয়ে রাখলে আমিও তাকে চড় মারতাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত