নারায়ণগঞ্জের ফতুল্লার মডেল থানায় কোনো অভিযোগ জমা দিতে গেলে এক হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ হাতেনাতে প্রমাণিত হওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জানিয়েছে ওই থানার ওসি।
জানা গেছে, গতকাল শনিবার ভোর ৪টায় ফতুল্লার তক্কার মাঠ এলাকায় হাবিবুর নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবন থেকে ২ বান্ডেল রড চুরি হয়। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে থানায় ডিউটি অফিসার রাজুর কাছে জমা দিতে যান। এসময় হাবিবুর রহমানের কাছে ডিউটি অফিসার রাজু এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে অভিযোগ গ্রহণ করা হবে না বলে জানিয়ে দেন। বিষয়টি তাৎক্ষণিক ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দীপুকে অবগত করেন বাদী হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, বেশ কয়েক দিন আগে আমরা পারিবারিকভাবে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করি। শনিবার ভোরে অজ্ঞাতনামা লোকজন ট্রাক নিয়ে এসে ওই নির্মাণাধীন বাড়ি থেকে ২ টন রড লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার সকাল ৯টায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে ডিউটি অফিসারের রুমে যাই। অভিযোগটি জমা নিতে ডিউটি অফিসার রাজু ১ হাজার টাকা দাবি করে। আমি টাকা কেন দেব জানতেই চাইলে সে এক পর্যায়ে অভিযোগ জমা দিতে হলে ১ হাজার টাকা দিতে হবে বলে। নইলে অভিযোগ জমা নেবে না বলে সাফ জানিয়ে দেয়। এক পর্যায়ে আমি ১ হাজার টাকা দিতে বাধ্য হই। টাকা দিয়ে বিষয়টি ফতুল্লা মডেল থানার ওসি দীপুকে জানাই। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দীপু জানান, ঘটনা জেনেই ডিউটিতে থাকা রাজুকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আমি যোগ দেওয়ার পর ঘোষণা দিয়েছিলাম আমার থানায় কেউ কোনো অভিযোগ বা জিডি করতে টাকা লাগবে না। এ রকম ঘটনা সত্যিই খারাপ লেগেছে। তবে অপরাধীকে আমরা ছাড় দেইনি।
