ট্রাম্পের বাড়িতে পাওয়া নথির হলফনামা প্রকাশ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০২:৫২ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া নথির হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এফবিআই বিচারকদের জানিয়েছে যে, ট্রাম্পের বাড়িতে তারা যে তল্লাশি চালিয়েছে সেখান থেকে বিচারে বাধা দেওয়ার কিছু প্রমাণ তারা পেয়েছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের বাড়ি মার-এ-লাগোতে সংবাদপত্র ও ম্যাগাজিনের সঙ্গে অতি গোপনীয় নথিও রাখা হয়েছিল। বিচার বিভাগ বলছে, তল্লাশির যে হলফনামা আদালতে দেওয়া হয়েছে সেগুলো তারা সেন্সর করে প্রকাশ করেছে। উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিকের সাক্ষ্য সুরক্ষা দিতে এটি করা হয়েছে।

ট্রাম্প এই তদন্তকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন। গত শুক্রবার বিচার বিভাগ ওই হলফনামা প্রকাশ করে। এফবিআই এজেন্টরা গত ৮ আগস্ট ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালায় এবং সে সময় একটি সিন্দুক ভেঙে ফেলা হয়।

প্রেসিডেন্ট থাকার সময় সরকারি কাগজপত্র ট্রাম্প কীভাবে ব্যবহার করেছেন তা নিয়ে একটি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হচ্ছে। ট্রাম্পের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি বেড়েছে এমন সময়, যখন তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

ন্যাশনাল আর্কাইভস গত জানুয়ারিতে মার-এ-লাগোতে পাওয়া ১৫টি বাক্সের মধ্যে বেশ কিছু গোপন নথির সন্ধান পায়। এর ওপর ভিত্তি করেই ট্রাম্পের বাড়িতে নজিরবিহীন এই অপরাধ তদন্ত শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস। ডোনাল্ড ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন, তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি বিচার বিভাগের কাছে অনুরোধ করে। ন্যাশনাল আর্কাইভস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগো থেকে তারা ১৫ বাক্স কাগজপত্র নিয়ে এসেছে, যার মধ্যে অনেক গোপনীয় নথিপত্র ছিল। এফবিআই এগুলো পর্যালোচনা করে দেখেছে যে, এর মধ্যে ১৮৪টি বিশেষ নথি আছে যার মধ্যে ২৫টি ‘অতি গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্টকে তার সব চিঠিপত্র, কাজের কাগজপত্র এবং ইমেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করতে হয়। কিন্তু কর্মকর্তারা দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট এরকম অনেক নথিপত্র বেআইনিভাবে ছিঁড়ে ফেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত