‘পরাণ’-এর নতুন রেকর্ড

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১১:২৩ পিএম

মুক্তির দেড় মাস পরেও প্রেক্ষাগৃহে দর্শক টানছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। এ সপ্তাহে সিনেমাটি আরও ৬টি হলে মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢাকার মধুমিতা ও শ্যামলী সিনেপ্লেক্সে এবং ঢাকার বাইরে ৪টি হলে মুক্তি পেয়েছে ‘পরাণ’। সবমিলিয়ে দেশের ৩২টি হলে চলছে ‘পরাণ’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘সিনেমার ইতিহাসে পরাণ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এখনো এই সিনেমার চাহিদা আছে। যেখানে দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহ দর্শক পাওয়া কঠিন, সেখানে সপ্তম সপ্তাহ পার হওয়ার পরও বেশ ভালোমতোই চলছে সিনেমাটি।’ মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ইতিমধ্যে দুবার পরাণ আমার হলে প্রদর্শিত হয়েছে। মাঝে হাওয়া চালিয়েছি। তৃতীয়বারের মতো আগামীকাল থেকে আবারও পরাণ চলবে মধুমিতায়। সত্যি কথা বলতে এরকম সিনেমা আমাদের প্রয়োজন।’ দেশের সীমানা ছাড়িয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়াতে সিনেমাটি মুক্তি পেয়েছে। আগামী মাসে ইউরোপের ৩টি দেশ এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তি পাবে ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের চলচ্চিত্র ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত