ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা লোহার কুটিরের সামনে সীমানা প্রাচীর তৈরির প্রতিবাদে এবং সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ‘আমরা ময়মনসিংহবাসী’র ব্যানারে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে ময়মনসিংহের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা যায়, তৎকালীন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্যের বাগানবাড়ি হিসেবে নির্মিত আলেকজান্দ্রা ক্যাসল বা লোহার কুটিরকে ঘিরে গড়ে উঠেছে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলসহ মোট সাতটি সরকারি প্রতিষ্ঠান। সম্প্রতি লোহার কুটিরের সামনে সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু করে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষ।
