সাভারে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। তার নাম মনি বেগম (৩৪)। গতকাল সোমবার সকালে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী খালেদ মিয়াকে আটক করেছে। ওই গৃহবধূ চার সন্তানের জননী ছিলেন। খালেদ মিয়া সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় বসবাস করে। সে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। স্বজনরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে স্ত্রী মনি বেগমকে বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য কয়েক হাজার টাকা আনার জন্য চাপ দিচ্ছিল স্বামী খালেদ। গত রবিবার স্ত্রী টাকা আনতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, ‘যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের তথ্য হাতে এলে বোঝা যাবে কীভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।’
