৫৮২ ক্ষুদ্র আমানতকারী অর্থ ফেরত পাচ্ছেন

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৩:০৪ এএম

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে (পিএলএফএসএল) ১ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারী ৫৮২ জন ক্ষুদ্র আমানতকারী তাদের টাকা ফেরত পাবেন। গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের পক্ষে একটি দরখাস্ত দেওয়া হয়। আদালত ৫৮২ ক্ষুদ্র আমানতকারীর ৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৭৩৯ টাকা ফেরত দেওয়ার অনুমতি দিয়েছে।

পিপলস লিজিংয়ের পরিচালনা বোর্ডের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মেজবাহুর রহমান। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘তাদের বিষয়ে (৫৮২ জন ক্ষুদ্র আমানতকারী) আমরা একটি দরখাস্ত দিয়েছিলাম। আদালত সেটি অনুমোদন দিয়েছেন। এখন তাদের পাওনা টাকা ফেরত দিতে উদ্যোগ নেবে পরিচালনা বোর্ড।’

১৯৯৭ সালের ২৪ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে লোকসান দেয় ওই কোম্পানি। খেলাপি প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করতে না পারায় আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারেনি তারা। এরপর থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে মেয়াদি আমানত ও বিভিন্ন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ধার করে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অর্থ পাচার করে বিদেশে পালিয়ে যাওয়ার আগে পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের একটি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ২০১৯ সালের ১৪ জুলাই পিপলস লিজিংয়ের অবসায়নের জন্য হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ ব্যাংক। এরপর প্রতিষ্ঠানটিতে সাময়িক অবসায়ক নিয়োগ দেওয়া হয়। গত বছর ২৮ জুন পিপলস লিজিংকে পুনরুজ্জীবিত করার আদেশ দিয়ে একটি পরিচালনা বোর্ড গঠন করে দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত