ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে পুড়ল আ.লীগের কার্যালয়

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৪:২৫ পিএম

ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা বাজারের ত্রিমোহনীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ডাকবাংলা বাজারের ত্রিমোহনীতে অবস্থিত সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

মুহূর্তের মধ্যে আগুন কার্যালয়ে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অস্থায়ী কার্যালয় পুড়ে ভস্মীভূত হয়। অফিসের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়।

সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী বলেন, রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিটিং করে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তারা এলাকায় নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ পাল্টা অভিযোগ করে বলেন, নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাটক সাজিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত