দেশব্যাপী গন্ডগোলের পরিকল্পনা নিয়েই বিএনপি মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি সারা দেশে গ-গোল করার পরিকল্পনা করেই নানা কর্মসূচি সাজিয়েছে। সে কারণে তারা সারা দেশে পুলিশ, পথচারী, মানুষের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করছে। অর্থাৎ দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তারা ২০১৩-১৪-১৫ সালে যে কাজগুলো করেছিল সেটির নতুন সংস্করণ শুরু করেছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ পুলিশের সঙ্গে আলাপ করেছি। সেখানে পুলিশ বা জেলা প্রশাসন কিংবা সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল। রাস্তা বন্ধ না করে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশ তাদের অনুরোধ জানায়। সেটি না শুনে তারা রাস্তা বন্ধ করে দেয় এবং ইটপাটকেল ও পাশের রেললাইনের পাথর পুলিশের ওপর নিক্ষেপ করে হামলা পরিচালনা করে, সেখানে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে। সেখানে যিনি মারা গেছেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা। তার পূর্ণ পরিচয় তদন্তাধীন।’
তিনি বলেন, ‘আপনারা জানেন যে বিএনপি মানুষ মারার রাজনীতি করে। ২০১৩-১৪-১৫ সালে বিএনপি কী করেছে, মানুষ মারার রাজনীতি করেছে, মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করেছে। পৃথিবীর অনেক জায়গায় নানা ধরনের গ-গোল, জাতিগত সংঘাত, সহিংসতা হচ্ছে বা হয়েছে। কিন্তু রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে মারার ঘটনা গত তিন-চার দশকে পৃথিবীর কোথাও ঘটেনি যেটি বিএনপি বাংলাদেশে করেছে। তারা এ ধরনের গন্ডগোল করে সারা দেশে আরও লাশ সৃষ্টি করতে চায়। তারা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হিসেবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে।’
বিশ্ববাজারে তেলের আগে যা দাম ছিল এখন তার চেয়ে বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ সত্ত্বেও প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে বাস ভাড়াও কিছুটা কমেছে। সরকার জনগণের কথা চিন্তা করে দাম কিছুটা কমিয়েছে, এতেও আবার বিএনপি সমালোচনা করছে। আসলে সবকিছুতেই সমালোচনা করার যে বাতিক, সেখান থেকে এই সমালোচনা।’
