দীর্ঘদিন পর সিনেমা নিয়ে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একের পর এক সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। আসন্ন চলচ্চিত্রগুলোর ‘জওয়ান’ একটি, যা সবাইকে আগ্রহী করে তুলেছে। ছবিটি দিয়ে শাহরুখ খান প্যান-ইন্ডিয়ার জগতে প্রবেশ করতে যাচ্ছেন। এ ছবিতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের বহুমুখী অভিনেতা বিজয় সেতুপতি। তার অন্তর্ভুক্তির মাধ্যমে এই সিনেমাটির ক্রেজ এখন দ্বিগুণ। ‘জওয়ান’ ছবিতে যুক্ত হওয়ার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন বিজয়। ছবিটিতে অভিনয়ের জন্য বিজয়কে ৬ কোটি রুপির চেক দিয়েছেন শাহরুখ। অতীতে শাহরুখ অনেক প্রশংসা করেছেন বিজয়ের। একজন সংগ্রামী শিল্পী এবং দুর্দান্ত অভিনেতা হিসেবে বিজয়কে পছন্দ করেন তিনি। আর বিজয়ের কাছেও শাহরুখ একজন সত্যিকারের সুপারস্টার। এই দুই তারকাকে এক সিনেমায় দেখার অপেক্ষায় ছিলেন বলিউড ও দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীরা। সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। এ সিনেমায় বিজয়কে খল চরিত্রে দেখা যাবে। এটলি পরিচালিত সিনেমাটি আগামী বছরের ২ জুন মুক্তি পাওয়ার কথা।
×
