পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) আঞ্চলিক প্রধানগণের ৩১ আগস্ট থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মিলন ও কর্মশালা গতকাল শুক্রবার শেষ হয়েছে। বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র্যবিমোচন একাডেমিতে (বাপার্ড) অনুষ্ঠিত এ সম্মিলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি। এ ছাড়া, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ রবিউল আলম, মহাপরিচালক, বাপার্ড; শাহিদা সুলতানা, জেলা প্রশাসক, গোপালগঞ্জ এবং ফেরদৌস ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার, কোটালীপাড়া।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ সম্মিলনে পিডিবিএফ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ২৭টি অঞ্চলের অঞ্চল প্রধানবর্গ, অডিট দলনেতাগণ এবং মাঠ পর্যায়ের অন্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সম্মিলনে পিডিবিএফের ২০২১-২৫ পর্যন্ত দারিদ্র্য বিমোচনের রূপরেখার কৌশলপত্র উপস্থাপিত হয়। এ ছাড়া, সম্মিলনে সুফলভোগী সদস্যভুক্তি, দল ও সমিতি গঠন, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, কভিড ১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি, কৃষিঋণসহ পিডিবিএফের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের পরিচালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞপ্তি
