জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে এক সাংবাদিককে ডেকে মারধর ও নির্যাতনের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও বিচার হয়নি। গতকাল শুক্রবার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিচার, দায়িত্ব পালনে ব্যর্থ হল প্রশাসনের পদত্যাগের দাবি জানানো হয়। গতকাল মানববন্ধন চলাকালে জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘শৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রতিবেদনে ভুক্তভোগী সাংবাদিকের কোনো বক্তব্য সংযুক্ত করা হয়নি। অভিযুক্তদের বক্তব্যের বাইরে প্রতিবেদনে তেমন কোনো তথ্যও নেই। এমনকি প্রত্যক্ষদর্শীদের যে দুয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে তাও সংকোচন করেছে কমিটি। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকদের নিয়ে গঠিত কমিটি এরকম খামখেয়ালি প্রতিবেদন জমা দেবে তা আমাদের বিস্মিত করেছে। এ কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
গত ২ আগস্ট রাত ১১টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে ডেকে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করে হল ছাত্রলীগের কয়েকজন কর্মী। ওই ঘটনায় অভিযুক্তদের অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ। তবে প্রশাসন অজ্ঞাত কারণে সেটি নিয়ে গড়িমসি শুরু করে। ঘটনার পরদিন হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তবে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও ১৯ দিন পর অসম্পূর্ণ প্রতিবেদন জমা দেয়। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় ওই প্রতিবেদন আমলে নিয়ে সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্তদের কোনো শাস্তি না দিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেটি অপূর্ণাঙ্গ ছিল। প্রতিবেদনে কাউকে দোষীসাব্যস্ত করা হয়নি। ফলে শৃঙ্খলা কমিটি চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
বৃহস্পতিবার নতুন করে গঠিত তদন্ত কমিটির প্রধান হলেন শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ইস্রাফিল আহমেদ, অধ্যাপক আলী আকবর ও সদস্য সচিব গৌতম কুমার বিশ্বাস।
গতকাল মানববন্ধনে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলকামা আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শুভ আনোয়ার, নিউ এজের শাহাদাত হোসেন, ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহির ফয়সাল, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম।
