বিএনপি আগুন-সন্ত্রাসের পুনরাবৃত্তি শুরু করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে হামলা-মারামারি করে মিডিয়া কাভারেজ পাওয়ার চেষ্টা করেন। আমরা আশঙ্কা করছি, ২০১৩-১৪ সালে তারা যেভাবে আগুন-সন্ত্রাস, বোমাবাজি করেছিল, সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে।’ গতকাল শুক্রবার ঢাকা বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। খবর বাসস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখনই রাজপথে আসে, তখন আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশকে আপনি আক্রান্ত করবেন, পুলিশ কী নিজেকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে।
তিনি বলেন, বিএনপি জানে, নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সরকার তাদের ওপর হামলা করছে, এমন অপবাদ দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সেই কর্মীরা যারা এখন আর কর্মী নেই, দুর্বৃত্ত হয়ে গেছে। যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদের ধরতে যাওয়া কি পুলিশের অপরাধ? খারাপ কাজ যারা করবে, অপরাধ যারা করবে, তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই। এ কথা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। এ বিষয়ে তিনি ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অবলম্বন করেন।
বিএনপিকে রাজপথে প্রতিহত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি গায়ে পড়ে আক্রমণ করব না। কিন্তু আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই, তখন নিজেকে রক্ষা করার জন্য পাল্টা জবাব দিতে হবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এ জবাব দেবে।’
এর আগে সড়ক পরিবহনমন্ত্রী আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সবুজ বাংলাদেশ : সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে তিন দিনব্যাপী ‘এনভায়রনমেন্টাল প্রটেকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন।
দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দীন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রমুখ।
