পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আমি আমার ছাত্র ভাই-বোনদের আহ্বান করবÑ ‘তোমরা আন্দোলন করো, কিন্তু শিক্ষা ছেড়ো না’। আমার খুব দুঃখ লাগে আমার দলের ছেলে-মেয়েগুলো, ছাত্রলীগ-যুবলীগ এরা চাকরিও করতে পারে না, ব্যবসাটাও করতে পারে না।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধনকালে এমন কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. এ কে আবদুল মোমেন বলেন, যারা রাজনীতি করে তারা সামান্য ব্যবসা করতে গেলেও দুর্নাম হয়, চাকরি তারা সহজে পায় না। তবে তারা রাজনৈতিক জ্ঞান অর্জন করেছে, উই হ্যাভ টু থিংক, আমি শিক্ষকদের অনুরোধ করব এই যে বড় একটা রিসোর্স তাদেরকে কীভাবে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় সে উপায় আমাদের বের করতে হবে। তাদের অনেক স্পিরিট আছে, কমিউনিকেশন স্কিল আছে, তাদের কীভাবে এসব জায়গায় সম্পৃক্ত করা যায় সে পন্থা আমাদের বের করতে হবে।
এ সময় শাবিপ্রবির সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক আন্তরিকতা ও ইচ্ছা আছে। যার ফলে এত সুন্দরভাবে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। এই বিশ্ববিদ্যালয়ের যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে অবকাঠামোর আর অভাব থাকবে না। এ বিশ্ববিদ্যালয়ের সবার লিডারশিপের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জেনে আনন্দিত যে, এ ধরনের কাজ করতে গিয়ে তারা কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা নেই। এজন্য এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সহযোগিতা করতে হবে।
