অগ্নিকাণ্ডে লোহাগড়ায় ঘুমন্ত শিশু অঙ্গার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ এএম

নড়াইলের লোহাগড়ায় বসতঘরে আগুন লেগে মারা গেছে চার বছর বয়সী শিশু। চট্টগ্রামের ফটিকছড়িতে তিন দিন আগে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ তরুণ চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার হাসপাতালে মারা গেছেন। মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাটের ছয়টি গুদাম। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নড়াইল : লোহাগড়া উপজেলার দেবী গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে চার বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই শিশুটির ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে দেবী গ্রামের নারী ইউপি সদস্য চিনি বেগমের বসতবাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময়  ইউপি সদস্যের চার বছরের নাতনি তামান্না ঘরে ঘুমিয়ে ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় শিশুটিকে কেউ উদ্ধার করতে পারেনি। তামান্নার বাবার নাম সৈয়দ সোহেল এবং মা অঞ্জনা বেগম।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মুহাম্মদ রমজান আলী (৩৭) চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জিয়া উদ্দীন মিয়াজি বাড়ির আবুল কাসেম গুন্নুর ছেলে। স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে অগ্নিকাণ্ডে ঘরসহ পুড়ে গেছে পাটের ছয়টি গুদাম। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জামশা বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার বাবুল মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের দুটি ইউনিটের সঙ্গে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আগুন নির্বাপণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা হবে।

দক্ষিণ জামশা বাজার কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে আজগর আলীর ৪০০ মণ, বাদশা মিয়ার ৪০০ মণ ও হাবিবুর রহমানের ৪০০ মণ পাট এবং ১৬০ মণ সরিষা পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত