জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা চায় জাপা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫ এএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে সমর্থন করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্যরা। গতকাল শনিবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে পার্টির প্রেসিডিয়ামের সভায় এই সমর্থন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টি চেয়ারম্যানকে বিরোধীদলীয় নেতা করতে সংসদীয় দলের সভায় প্রস্তাবনা করা হয়।

প্রেসিডিয়াম সভার বৈঠকে জিএম কাদেরসহ দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল পৃথক আরেক অনুষ্ঠানে জিএম কাদের বলেছেন, ‘দেশে নারীরাও এখন অপহরণ হচ্ছেন। হতভাগ্য নারীদের কেউ ফিরে আসছেন আবার কেউ চিরদিনের মতো হারিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘বিদেশি গণমাধ্যমে এমন সংবাদে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। দেশে এখন আর গণতন্ত্র নেই। দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশের কোথাও জবাবদিহি নেই।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে। জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের বি-টিম নয়। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করে বলেছে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসনামলের চেয়ে জনগণকে বেশি অধিকার দেওয়া হবে। আসলে, পল্লীবন্ধুর দেশ পরিচালনার সময় সাধারণ মানুষ যে অধিকার ভোগ করেছে, এখন তার ছিটেফোঁটাও নেই। এখন নির্বাচনের নামে প্রহসন চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত