যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসের জয়ের সম্ভাবনা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০৭ এএম

যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা এবং একই সঙ্গে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন বলছে, লিজ ট্রাস নির্বাচনে জয় পেতে যাচ্ছেন এবং পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন। 

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের মধ্য থেকে একজনকে বরিস জনসনের উত্তরসূরি হিসেবে বেছে নিতে গত ৪ আগস্ট থেকে ভোটগ্রহণ শুরু হয়। কনজারভেটিভ পার্টির সদস্যরা অনলাইন ও ডাকযোগে ভোট দেন। কনজারভেটিভ পার্টির দুই লাখ সদস্য ভোটাভুটিতে অংশ নেন। দলীয় নেতৃত্বের এ লড়াই নিয়ে করা জনমত জরিপে শুরু থেকেই এগিয়ে আছেন ৪৭ বছর বয়সী লিজ ট্রাস।

গত শুক্রবার বিকাল ৫টায় প্রায় এক মাস ধরে চলা ভোটাভুটি শেষ হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এর একদিন পর ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে বিদায় নেবেন জনসন। 

কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছে যুক্তরাজ্য। চলতি বছরের শেষের দিকে দেশটিতে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা আছে। লিজ ট্রাস তার নির্বাচনী প্রচারণায় আশ্বাস দিয়েছেন, নির্বাচিত হলে করের হার কমাবেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত