বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক বাহিনীর অব্যাহত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, 'অবিলম্বে মিয়ানমারকে পাল্টা জবাব দিন।'
রবিবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি এবং সীমান্তে বিএসএফের বাংলাদেশি হত্যা বন্ধের প্রতিশ্রুতি আদায়ের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে সতর্ক করার পরও শনিবার (৩ সেপ্টেম্বর) সীমান্ত পিলার ৪০-৪১ এর কাছাকাছি মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধবিমান দেখা যায়। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মর্টার শেল ও বোমা নিক্ষেপ করা হয়। নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে বাংলাদেশ সরকারকে ইটের বদলে পাটকেল নিক্ষেপ করতে হবে। পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই এখন পর্যন্ত তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন করা যায়নি। এই চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন।'
তিনি বলেন, 'আন্তঃনদী সংযোগে ব্রহ্মপুত্র থেকে পানি সরিয়ে নেয়ার বিষয়ে ভারতের ব্যাখ্যা এবং ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের জানতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড এখনো বন্ধ হয়নি। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সহায়তা করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর উদ্যোগ দেখিনি। এ ব্যাপারেও প্রধানমন্ত্রীর সফরে স্পষ্ট বক্তব্য থাকতে হবে।'
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব কাজী আব্দুল্লাহ আল কাফি, এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
