রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ এএম

রাজধানীর দোলাইরপাড়ে ছুরি মেরে নয়ন ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে দোলাইরপাড় বস্তিভিটা বালুর মাঠে এ ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়ন পোস্তগোলা আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

নয়ন মাগুরার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের তিন সন্তানের মধ্যে বড়। পরিবারের সঙ্গে দোলাইরপাড় মুন্সিবাড়ি পাইপ রাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

নিহতর বাবা টেইলার্সকর্মী কামরুল ইসলাম জানান, গতকাল স্কুলে যায়নি নয়ন। ঘুম থেকে উঠে ১০টা/১১টার দিকে বাইরে যায়। দুপুরের পর বন্ধুদের কাছে তাকে ছুরি মারার খবর পাই।

নয়নকে হাসপাতালে নিয়ে যাওয়া হাসিব ও আকাশ জানায়, দোলাইরপাড় বালুর মাঠে নয়নকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এক শিশু তাদের খবর দেয়। পরে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। কারা তাকে ছুরি মেরেছে তা জানাতে পারেনি তারা।

শ্যামপুর থানার ওসি মো. মফিজুল আলম জানান, ঘটানাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত