‘জয় রাজনীতিতে আসবেন কি না সিদ্ধান্ত তার’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসবেন কি না তা জানতে চেয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের অনেক ডিজিটাল উদ্যোগ জয়ের পরামর্শেই নেওয়া হয়েছে। তবে জয়ের রাজনীতিতে আসার বিষয়ে সিদ্ধান্ত তার নিজের এবং দেশের জনগণের।

চার দিনের ভারত সফরের আগে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় রাজনীতিতে আসার বিষয়ে তার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ছেলেমেয়ের মধ্যে সজীব ওয়াজেদ জয় বড়। সায়মা ওয়াজেদ পুতুল ছোট। পুতুল দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম নিয়ে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনীতি কোনো ইস্যু নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেখুন, জয় এখন প্রাপ্তবয়স্ক একজন মানুষ। বিষয়টা নির্ভর করছে তার ওপর। তবে সে দেশের জন্য কাজ করছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি, যেমন স্যাটেলাইট বা সাবমেরিন কেবল অথবা কম্পিউটার প্রশিক্ষণ সবই তার পরামর্শে হচ্ছে, সে আমাকে সহায়তা করছে। তবে সে কখনো মন্ত্রণালয়ে কিংবা দলে কোনো পদ চায়নি।’

প্রধানমন্ত্রী তার দল আওয়ামী লীগের এক অনুষ্ঠানের কথা স্মরণ করেন, যেখানে দলের নেতাকর্মীদের কাছ থেকে জয়কে দলীয় পদে আসার প্রবল দাবি উঠেছিল। শেখ হাসিনা বলেন, ‘এমনকি আমাদের দলীয় সম্মেলনেও তাকে রাজনীতিতে আসার জন্য ভীষণভাবে বলা হয়েছিল। আমি তাকে বললাম, যাও মাইক্রোফোন হাতে নিয়ে বলো তুমি কী চাও। সে তাই করল এবং বললনা, এ মুহূর্তে আমি দলীয় পদে আসতে চাই না। বরং যারা কাজ করছে তাদেরই পদে যাওয়া উচিত। আমি কেন শুধু শুধু একটা পদ দখল করে রাখব। আমি আমার মায়ের সঙ্গে আছি, দেশের জন্য কাজ করছি এবং তাকে সহায়তা করছি। আমি তাই করে যাব। সে এভাবেই চিন্তা করে। সুতরাং এমন নয় যে, আমি তাকে তৈরি করছি বা আমাকে তৈরি করতে হবে।’

এএনআইয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রী মনে করেন কিনা যে, দলের দাবির প্রতি জয়ের সায় দেওয়া উচিত। উত্তরে শেখ হাসিনা বলেন, ‘এটা জনগণের ওপর নির্ভর করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত