মোবাইল ফোন চুরির অভিযোগে রাশেদ (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে একটি ওয়ার্কশপের কর্মীরা। গতকাল রবিবার ভোরে রাজধানীর খিলগাঁও নাগদারপাড়ের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত রাশেদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত কিশোরসহ আটজনকে আটক করেছে।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম ওয়ার্কশপটির আটক কর্মীদের বরাতে দেশ রূপান্তরকে বলেন, দুদিন আগে নাগদারপাড়ের ওয়ার্কশপটিতে কাজ নেন রাশেদ। এর মধ্যে রবিবার ভোরে ওয়ার্কশপের অন্য আট কর্মচারী যখন ঘুমাচ্ছিল তখন তাদের তিনটি মোবাইল চুরি করে পালানোর সময় ধরা পড়ে। তখন তারা রাশেদকে মারধর করে। মারধরে সে অচেতন হয়ে পড়লে তাকে ওই কর্মীরাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, শ্রমিকদের দাবি গত ২ সেপ্টেম্বর ওয়ার্কশপটির সামনে বসে কান্নাকাটি করছিল রাশেদ। কর্মীরা কারণ জানতে চাইলে বলেছিল তার কোনো কাজ নেই। টাকার অভাবে না খেয়ে আছে। একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার আকুতি জানায়। কর্মীরা মানবিক বিবেচনায় কাজ দেয় তাকে।
ওসি ফারুকুল বলেন, রাশেদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
