দেশের প্রথম অপারেটর হিসেবে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডের নতুন তরঙ্গ দিয়ে ফোরজি চালু করেছে বাংলালিংক। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে খুলনা থেকে এই নতুন তরঙ্গের ব্যবহার শুরু হয়েছে। খুলনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস এ ঘোষণা দেন। গত মার্চে অনুষ্ঠিত বিটিআরসির সর্বশেষ নিলাম থেকে নতুন তরঙ্গ গ্রহণ করা হয়।
নতুন স্পেকট্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিটি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাংলালিংক গত আট মাসে দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ৩ হাজার নতুন বেইজ ট্রান্সসিভার স্টেশনও (বিটিএস) স্থাপন করেছে।
চলতি বছরে বিটিআরসির কাছ থেকে ৪০ মেগাহার্টজ স্পেকট্রাম গ্রহণের ফলে বাংলালিংকের স্পেকট্রামের পরিমাণ ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০ মেগাহার্টজে উন্নীত হয়।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, ‘বাংলালিংকের এই ধরনের উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘খুলনায় নতুন স্পেকট্রাম দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালুর উদ্যোগ এই অঞ্চলের প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। এর মাধ্যমে গ্রাহকদের দ্রুততর ইন্টারনেট এবং মানসম্মত ডিজিটাল সেবা দিতে পেরে আমরা আনন্দিত।’
