জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার সকালে ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎবিভ্রাট ছিল।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা সুমন জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়।
এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। তারা ধাপে ধাপে বিদ্যুৎ ফিরিয়ে আনেন।
পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে বলে জানান তিনি।
পিজিসিবির মুখপাত্র জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
ঠিক কোথায় ত্রুটির কারণে এই সমস্যা হয়ছিল, তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান তিনি।
