কোহলির আবেগ স্পর্শ করেনি গাভাস্কারকে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৫ পিএম

দুঃসময়ে মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কাউকে ভিরাট কোহলি পাশে পাননি বলে পাকিস্তান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন নিজেই। তার এই আক্ষেপ অনেকের হৃদয়ে দাগ কেটেছিল। তবে সুনীল গাভাস্কারকে খুব একটা স্পর্শ করেনি কোহলির এ রোদন। উল্টো ঠাট্টাই করলেন, জানালেন নিজে নেতৃত্ব ছেড়ে হতাশায় না ডুবে আনন্দ উদযাপনে মেতেছিলেন ভারতীয় এই কিংবদন্তী।    

রবিবার পাকিস্তানের বিপক্ষে দারুণ ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে নিজের কিছু আক্ষেপের কথা বলেন কোহলি। মানসিক অবসাদের সঙ্গে নিজের লড়াইয়ের দিনগুলির কথা মনে করে তিনি জানান, টেস্ট নেতৃত্ব ছাড়ার পর কেবল মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কারও ম্যাসেজ পাননি তিনি। টিভিতে অনেকে অনেক কথা বললেও তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি আর কেউ। কোহলি কারও নাম উল্লেখ করেননি। তবে গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে ভারতের অনেক তারকাই সংবাদমাধ্যমে নানা সময়ে কথা বলেছেন কোহলিকে নিয়ে। সেদিক থেকে তির গাভাস্কারের দিকেও ছুটে যায়।

স্পোর্টস তাক-এর সঙ্গে আলোচনায় গাভাস্কার অবশ্য কোহলির আবেগের কথাগুলো নিয়ে ঠাট্টা করেই বললেন, ‘এটা বলা খুব কঠিন যে বিরাট কাদেরকে বোঝাতে চাচ্ছে। সে যদি কারও নাম বলত, তাহলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করা যেত যে যোগাযোগ করেছে কিনা। যা শুনতে পারলাম যে সে বলেছে, টেস্টের নেতৃত্ব ছাড়ার পর শুধু ধোনির ম্যাসেজ পেয়েছে। তার উচিত ছিল নাম উল্লেখ করে বলা, তাহলে গিয়ে জিজ্ঞেস করা যেত, ‘কী ভাই, কোনো ম্যাসেজ করেননি!’

পরে অবশ্য গাভাস্কার একটু সিরিয়াস হলে বললেন, ‘কারও কাছ থেকে কোনো বার্তা পাওয়ার আশা না করে কোহলির উচিত নিজের কাজে মন দেওয়া।’

তিনি উদাহরণ দিলেন নিজের ক্যারিয়ার দিয়েও,‘ ১৯৮৫ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর আমি নেতৃত্ব ছেড়ে দেই। সেই রাতে আমরা উদযাপন করেছি, পরস্পরকে আলিঙ্গন করেছি, আর কী করতে পারি!’

তিনি যোগ করেন, ‘কোন ধরনের ম্যাসেজের আশায় ছিল সে? প্রেরণাদায়ক? কিন্তু যখন তার টেস্টের নেতৃত্ব শেষ, তখন প্রেরণা আর কী লাগতে পারে! ওই অধ্যায় তো শেষ। এখন তুমি শুধু ক্রিকেটার হিসেবে দলে আছো, সেদিকেই মনোযোগ দাও। অধিনায়ক থাকলে সতীর্থদের কথা ভাবতে হয়। অধিনায়কত্ব শেষ হয়ে গেলে নিজের খেলা নিয়ে ভাবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত