রাশিয়াকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:২০ পিএম

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনে যুদ্ধরত সেনাদেরকে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারছে না রাশিয়া। তাই বাধ্য হয়ে তারা উত্তর কোরিয়ার কাছে হাত পেতেছে। পিয়ংইয়ংয়ের কাছ থেকে লাখ লাখ কামানের গোলা ও রকেট কিনেছে রাশিয়া।

উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কামানের গোলা ও রকেট কিনছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে, এমন খবরের মধ্যেই পিয়ংইয়ং থেকে অস্ত্রে কেনার বিষয়টি সামনে এল।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উত্তর কোরিয়া থেকে আরো অস্ত্র কিনতে বাধ্য হবে রাশিয়া।

ওই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, উত্তর কোরিয়া থেকে সাহায্য নেওয়ার অর্থ হচ্ছে ইউক্রেনে মারাত্মক সরবরাহ সংকটে ভুগছে রুশ সামরিক বাহিনী। এর পেছনে রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞাও আংশিক ভূমিকা রাখছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ধারণা, সামরিক বাহিনীকে প্রয়োজনমত অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করার সক্ষমতা নেই মস্কোর।

গত সপ্তাহে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ইরান তার তৈরি ড্রোনের প্রথম চালান রাশিয়াকে হস্তান্তর করেছে। তবে এ বিষয়টি অস্বীকার করেছে ইরান।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইরানে গিয়ে মোহাজের-৬ ও ‘শহীদ’ সিরিজের সামরিক ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়েছে রুশ অপারেটররা। তারা এ-ও বলছেন, এর মধ্যেই অনেক ড্রোনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালান। এরপর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে নজর দেয় পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার ইরান ও উত্তর কোরিয়া।

গতমাসে উত্তর কোরিয়া ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ার ঘোষিত দুই স্বাধীন রাষ্ট্র লুহানস্ক এবং দোনেৎস্ককেও স্বীকৃতি দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত