মডেলিং থেকে নাটকের অভিনয়ে এসে অল্প সময়েই আলোচিত সামিরা খান মাহী। সম্প্রতি আলোচনায় এসেছেন শাকিব খানের নতুন নায়িকা হওয়া নিয়ে। অভিনয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি
ব্যস্ততা...
ঈদের পর বেশ কিছুদিন অভিনয়ের বাইরে ছিলাম। এখন আবার পুরোদমে শ্যুটিং শুরু করেছি। এখন শুধু নাটকেই অভিনয় করছি।
সাম্প্রতিক জুটি...
অপূর্ব ভাইয়ার সঙ্গে মাত্র একটি নাটকে অভিনয় করেছি। আর নিলয় ভাইয়ার সঙ্গে এরই মধ্যে তিনটি নাটকে অভিনয় করেছি। এদিকে সৈয়দ সালাউদ্দিন জাকীর পরিচালনায় গতকাল একটি টেলিফিল্মের কাজ করেছি।
জুটি প্রথা...
আসলে আমি নাটকে আমার চরিত্র, গল্পের দিকে বেশি মনোযোগী থাকি। যে কারণে অল্প সময়েই দর্শকের ভালোবাসা পাচ্ছি। সহ-অভিনেতা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু জুটি বেঁধে নিয়মিত অভিনয় করার বিষয়ে আমি এখনো অভ্যস্ত নই। তবে নির্মাতারা যদি ভালো গল্প, চরিত্র এবং সহ-অভিনেতা ঠিক করেন, তাতে আমার কোনো আপত্তি নেই।
অল্প সময়ে সাফল্য...
এক বছরেরও কম সময়ে নিজেকে অভিনয় ক্যারিয়ারে প্রতিষ্ঠা করতে পেরেছি। ছন। আমি শুধু মানসম্মত কাজ করার পরিকল্পনা নিয়ে অভিনয় শুরু করেছিলাম। এ ক্ষেত্রে আমার কাছের কিছু মানুষের পরামর্শ ও সহযোগিতা ছিল। যারা আমাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি এখন যে অবস্থানে আছি তা আমার প্রত্যাশায় ছিল না। তবে বর্তমানের এ অর্জনটাকে ধরে রেখে এগিয়ে যেতে চাই। এ ক্ষেত্রে সবার কাছেই আগের মতো সহযোগিতা চাই। আমি ভালো কাজের জন্য ত্যাগ স্বীকার করতেও রাজি আছি।
বিজ্ঞাপনে...
পছন্দের মতো কাজ হলে তো করবই। কয়েকদিন আগে দ্বিতীয়বার টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছি। এটির কারিগরি অংশের কাজ চলছে এখন। কর্তৃপক্ষের অনুমতি না থাকায় এ নিয়ে বিস্তারিত বলতে পারছি না। তবে এ মাধ্যমটিতেও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।
শাকিব খানের নায়িকা...
এ বিষয়টি কীভাবে চাউর হলো তা বুঝতে পারছি না। শাকিব খানের সঙ্গে কাজ নিয়ে একবার একজনের সঙ্গে কথা হয়েছে। সেই পর্যন্তই আছে বিষয়টি। এ নিয়ে আর কোনো কথা হয়নি।
সিনেমায়...
আমি সিনেমায় অভিনয় করব কি করব না, এ বিষয়টিই এখনো চূড়ান্ত নয়। কারণ সবেমাত্র অভিনয় শুরু করেছি। যেহেতু নাটকের কারণে দর্শক আমাকে উৎসাহিত করছেন, আমার অভিনয় দেখছেন। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে আপাতত নাটকেই শুধু অভিনয় করতে চাই।
