ঢাকার সাভারে চার দিন বয়সী নবজাতক ছেলেশিশু চুরির ঘটনায় শাহিদা বেগম নামে এক নারীকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব-৪ জানায়, গত ৫ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় বসবাসকারী দিনমজুর শামসুন্নাহার ও মোহাম্মদ বাদলের বাড়িতে বেড়াতে আসেন তাদের পরিচিত শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি। একপর্যায়ে বাড়ির গৃহকর্ত্রী নবজাতক শিশুকে ওই দম্পতির কোলে রেখে রান্নাঘরে যান। এ সময় শাহিদা ও সোহেল রানা শিশুকে চুরি করে পালিয়ে যান। শিশুর মা রান্নাঘর থেকে এসে তাদের দেখতে না পেয়ে স্বামীকে খবর দেন। পরে সোহেল রানা শিশুর মাকে জানান, শিশুটি শাহিদার হেফাজতে সিরাজগঞ্জে আছে। তাকে ফেরত পেতে ৮০ হাজার টাকা দিতে হবে। শিশুর মায়ের অভিযোগ পাওয়ার পর ছায়াতদন্ত শুরু করেন র্যাব সদস্যরা। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে ৬ সেপ্টেম্বর র্যাব-১২-এর সঙ্গে যৌথ অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে শিশুকে উদ্ধার এবং শাহিদাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুপুরে র্যাব শাহিদাকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। সোহেল রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
