নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মী। আগাম জামিন চেয়ে করা আলাদা পাঁচটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়।
এদিকে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে গুলিতে যুবদলকর্মী শাওন প্রধান ‘হত্যা’র প্রতিবাদে গতকাল শোক র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর খানপুর বরফকল এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে গুলিতে যুবদলকর্মী শাওন নিহত হন। সংঘর্ষের ওই ঘটনায় পরদিন মামলা করে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা মামলায় আসামি হিসেবে জেলা বিএনপির শীর্ষ নেতাসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরও ৮০০-৯০০ জনকে আসামি করা হয়।
এ মামলায় আগাম জামিনের জন্য বিএনপির ২২ নেতাকর্মী গতকাল হাইকোর্টে হাজির হন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
আদালতের আদেশের পর আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, সহসভাপতি আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ, যুবদল নেতা মাজহারুল ইসলাম ও মহানগর ছাত্রদল সভাপতি সায়েদ আহম্মেদসহ ২২ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর সংশ্লিষ্ট আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’
মহানগর যুবদলের শোক র্যালি : যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শোক র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে নগরীর কিল্লারপুল এলাকায় শোক র্যালি করেন নেতাকর্মীরা। গত ১ সেপ্টেম্বর পুলিশ-বিএনপি সংঘর্ষে শাওন প্রধান নিহতের পর এই প্রথমবারের মতো রাজপথে দেখা যায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল নেতাকর্মীদের।
